নরসিংদীতে অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কার্ভাডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি নরসিংদীর দিকে আসছিল। ভাটপাড়া এলাকায় পৌঁছালে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের পেছনে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী নুর উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং সিএনজি চালককে হেফাজতে নেয়।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানিয়েছেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




