পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, রাতেই গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জ থানা। ছবি: আগামীর সময়
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেন তার স্বজনরা। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে রাতে অভিযান চালিয়ে ওই আসামী ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, এসআই আজাদ, কনস্টেবল রাসেল, ফিরোজ মোল্লা ও রায়হান। রাসেলকে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এসআই মো. রুবেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামের হাকিম তালুকদারকে (৪৩) তার বাড়ির পশ্চিম পাশের বাগান থেকে গ্রেপ্তার করে। এ সময় ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর হাকিম ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে তার স্ত্রী ও দুই ছেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে হাকিমকে ছিনিয়ে নিয়ে যান তারা।
পুলিশের অভিযোগ, হামলায় হাকিমের স্ত্রী, বড় ছেলে মো. সাব্বির হোসেন (২২) ও ছোট ছেলে সাইফুল ইসলাম তালুকদার (১৫) জড়িত ছিলেন।
রাত সোয়া ৮টার দিকে পার্শ্ববর্তী চরডাইয়া এলাকায় অভিযান চালিয়ে হাকিম ও তার ছেলে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
হাকিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন আগামীর সময়কে জানান, এ ঘটনায় দুৃটি মামলা করা হয়েছে। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যটি সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা হয়েছে।




