আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার

মো. আবদুর রহিম সরকার। সংগৃহীত ছবি
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ওসির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার ।
জেলা পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ওসি রহিমের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। মিছিল ঠেকাতে বা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ওসির নিষ্ক্রিয়তার অভিগোগ উঠেছে। এছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগ ওঠে।
ওসির দায়িত্বে থাকা সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেছেন, ‘শনিবার সন্ধ্যায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে।তবে কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, তা জানিনা।’
তিনি জানিয়েছেন, বটতলা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় গতকাল শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পেয়ার বললেন, ‘আওয়ামী লীগের এক নেতার বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি রহিমকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।’




