শিবগঞ্জ
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ৪২ শিক্ষার্থী

ছবি: আগামীর সময়
বগুড়ার শিবগঞ্জে একটি কেন্দ্রে কলেজে যুক্তিবিদ্যা বিষয়ে ৪২ জন পরীক্ষার্থী পুরনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরীক্ষার্থীদের তালিকা রাজশাহী বোর্ডে পাঠিয়েছেন কেন্দ্রসচিব।
আজ বুধবার শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজের ১০৭ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রসচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ।
কেন্দ্র সূত্রে জানা যায়, আজ শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ কেন্দ্রে যুক্তিবিদ্যা বিষয়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অনিয়মিত পরীক্ষার্থী ছিল ৭ জন। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের সময় ভুলবশত নিয়মিত পরীক্ষার্থীদের মাঝে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরাও ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেন। তবে কক্ষে এমসিকিউ প্রশ্নপত্র সঠিকভাবেই বিতরণ করা হয়েছিল। সেখানে কোনো সমস্যা হয়নি।
পরীক্ষার শেষে বিষয়টি কেন্দ্রসচিবের নজরে আসে। এর পরপরই কেন্দ্রসচিব কক্ষের সব পরীক্ষার্থীর খাতা সংগ্রহ করেন। পরে পরীক্ষার্থীদের রোল নম্বরসহ একটি তালিকা তৈরি করে রাজশাহী বোর্ডে পাঠানো হয়।
কেন্দ্রসচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ জানিয়েছেন, বিষয়টি জানার পর খাতাগুলো পোস্ট অফিস থেকে ফেরত এনেছি। পরে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন দিয়েছি। পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।
অনাকাঙ্ক্ষিতভাবে ভুল হয়ে গেছে। তারপরও আমি কক্ষের দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিস করেছি। তাদের পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রেখেছি, বললেন অধ্যক্ষ।





