‘জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য’

বরিশালে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন
রাজনৈতিক প্রক্রিয়ায় ধারাবাহিক জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’ পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বললেন, ‘ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে যেমন জবাবদিহিতা প্রয়োজন, তেমনি রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক প্রক্রিয়াতেও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক প্রক্রিয়াকে ধারাবাহিক জবাবদিহিতার মধ্যে রাখা না গেলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য।’
তিনি আরও বললেন, ‘জনগণের ভোটাধিকার ও জবাবদিহিতার সুযোগ নিশ্চিত না করলে তার রাজনৈতিক পরিণতি গুরুতর হতে পারে।’
গণমাধ্যমের ক্ষেত্রেও জবাবদিহিতা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন সাবেক এই তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক থেকে শুরু করে সাংবাদিক-কর্মচারীদের বেতন, ওয়েজবোর্ড, কর প্রদান, সম্পাদকীয় নীতিমালা অনুসরণ এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতার বিষয়গুলোতে জনগণের জানার অধিকার রয়েছে।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সেই ক্ষমতার যথাযথ ব্যবহারও নিশ্চিত করতে হবে। গণমাধ্যম যাতে ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপতথ্য বা অন্যায় মিডিয়া ট্রায়াল না করে, সে জন্য প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার কাঠামো প্রয়োজন।’
অনুষ্ঠানে তিনি ‘গৌরনদী পরিক্রমা’ পত্রিকার সাফল্য কামনা করেন।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ ও সদস্যসচিব সফিকুর রহমান স্বপন শরীফসহ স্থানীয় নেতারা।
একই দিন দুপুর ১২টায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন।



