আলোরকোল সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, চলছে অভিযান

ফাইল ছবি
সুন্দরবনের দুবলার চরের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রিয়াজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল শুঁটকি পল্লির সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোস্ট গার্ড ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে ‘ইকোট্যুরিজম’ নামের একটি পর্যটকবাহী লঞ্চ ২০ জন পর্যটক নিয়ে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নীলকমল ঘুরে আলোরকোলে পৌঁছায়। পরে লঞ্চ থেকে একটি ট্রলারে করে পর্যটকেরা আলোরকোল চরে নামেন। এ সময় তিনজন পর্যটক সমুদ্র সৈকতে নেমে গোসল করছিলেন। তারা সাগরের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ নামের ওই পর্যটক সাগরে তলিয়ে যান।
ঘটনাটি দেখতে পেয়ে আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা তাৎক্ষণিক ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ মুঠোফোনে জানান, নীলকমলের দিক থেকে পর্যটকবাহী একটি লঞ্চ এসে আলোরকোলের কাছাকাছি সাগরে নোঙর করে। পরে পর্যটকেরা ট্রলারে করে চরে নামেন। তাদের মধ্যে তিনজন সমুদ্র সৈকতে গোসলে নেমে সাঁতার কাটছিলেন। ঢেউয়ের তালে উচ্ছ্বাস প্রকাশের একপর্যায়ে একজন সাগরে তলিয়ে যান। খবর পেয়ে শুঁটকি পল্লির জেলেরা দ্রুত ট্রলার নিয়ে তল্লাশি চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে সাগরে প্রচণ্ড ঢেউ এবং অন্ধকার নেমে আসায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে দুটি পর্যটকবাহী লঞ্চ পূর্ব সুন্দরবনের দুবলার চরে যায়। দুটি লঞ্চে মোট ৩০ জন পর্যটক ছিলেন। তাদের মধ্যে একজন পর্যটক সাগরে তলিয়ে যাওয়ার খবর তিনি শুনেছেন। তবে নিখোঁজ ব্যক্তি কোন লঞ্চের তা জানা যায়নি। কোস্ট গার্ড ও বন বিভাগ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বলে জানান এই বন কর্মকর্তা।



