আলোরকোলে রাস উৎসবে পুণ্যার্থীরা, ভিন্ন ধর্মাবলম্বীদের প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি: আগামীর সময়
সুন্দরবনের আলোরকোলে ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। এবারই প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় (এসকর্ট) পুণ্যার্থীদের বনে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উৎসব চলাকালে সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গতকাল রবিবার থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী আলোরকোলে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী রাস পূজা। পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে আয়োজিত এ ধর্মীয় উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ, রাস পূজা উদযাপন কমিটি ও স্থানীয় প্রশাসন। বনের মধ্যে প্রতিমা নির্মাণ, পুণ্যার্থীদের যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
আজ সোমবার সকালে মোংলা বন্দর থেকে নৌপথে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন পুণ্যার্থীরা।
প্রায় ১২০ কিলোমিটার দূরের জনমানবহীন আলোরকোলে সমুদ্রের জোয়ারের পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে পাপমোচন ও পুণ্য লাভের আশায় এ উৎসবে যোগ দিচ্ছেন তারা। পাশাপাশি ব্যক্তিগত মনোবাসনা পূরণ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
আলোরকোল রাস পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার দাস জানান, গত বছর রাস পূজায় প্রায় ২০ হাজার পুণ্যার্থী অংশ নিয়েছিলেন। এবার ৩০ থেকে ৪০ হাজার পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করছেন তারা।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বন্যপ্রাণী শিকার রোধ, নিরাপত্তা নিশ্চিত ও বিশৃঙ্খলা এড়াতে এবারই প্রথম পুণ্যার্থীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসকর্টের মাধ্যমে বনে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মেডিকেল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টহল দল এবং বন বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, উৎসব চলাকালে সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মাবলম্বীরা যাতে সুন্দরবনে প্রবেশ করতে না পারেন, সে জন্য তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, রাস উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বন বিভাগের পাশাপাশি র্যাব, কোস্টগার্ড, নৌ-পুলিশ, নৌবাহিনী ও জেলা পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে। উৎসবের সময় কেউ যাতে বন্যপ্রাণী শিকার বা পাচার করতে না পারে এবং নারী ও শিশুদের হয়রানি করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি থাকবে।
জানা যায়, প্রায় ২০০ বছর আগে হিন্দু সন্ন্যাসী হরভজন দাস সুন্দরবনের দুবলার চরে রাস পূজার সূচনা করেন। সেই ধর্মীয় আচার থেকেই ধীরে ধীরে ‘দুবলার চরের রাস মেলা’ নামে পরিচিতি পায় এ উৎসব। একসময় এ উৎসবে লাখো মানুষের সমাগম হতো। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকরাও অংশ নিতেন। তবে অতিরিক্ত মানুষের উপস্থিতিতে বন্যপ্রাণীর আবাসস্থল, বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হরিণ শিকারের ঘটনাও বেড়ে যায়। এসব কারণে ২০১৭ সাল থেকে মেলার ব্যাপকতা সীমিত করে রাস উৎসবকে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করা হয়। একই সঙ্গে উৎসব চলাকালে ভিন্ন ধর্মাবলম্বীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।




