মেয়ের বাড়ি থেকে ফেরার পথে বাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

ছবি: আগামীর সময়
জয়পুরহাটের কালাইয়ে মেয়ের জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নুর বানু (৪৯)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে-জামাই এনামুল হকের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
আটক দুজন হলেন মোটরসাইকেলের চালক আব্দুর রাজ্জাক ও তার পেছনে বসে থাকা শাকিল। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল রবিবার বিকালে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন নুর বানু। সোমবার দুপুর ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। সাড়ে ১২টার দিকে পুনট কোল্ড স্টোরেজের সামনে আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী দুজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানিয়েছেন, স্থানীয় লোকজনের হাতে আটক মোটরসাইকেলের চালক ও আরোহীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




