সুন্দরগঞ্জ
বাড়িতে মজুদ রাখা ৪৭ বস্তা সার উদ্ধার, জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে অবৈধভাবে সার মজুদ করার দায়ে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়। সুজন মিয়া উজান বোচাগাড়ী গ্রামের শামছুল হকের ছেলে।
অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সুজন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে মজুদ করে রাখা ৭ বস্তা ইউরিয়া, ২০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। পরে এসব সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান বলেন, 'গোপন সংবাদ পেয়ে মজুদ করে রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়মবহির্ভূতভাবে মজুদ করে রাখার সুযোগ নেই। জব্দ করা এসব সার সরকারি মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। বিক্রির সম্পূর্ণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।'
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, 'নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে এবং অবৈধভাবে সার মজুদের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'




