সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বরাদ্দ পাবে ২৫ কোটি : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর ডিসি কার্যালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: আগামীর সময়
চলতি অর্থবছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানালেন এই তথ্য। অর্থ মন্ত্রণালয়ে এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আজ রবিবার জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বললেন, ‘নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলতি বছরেই পুরো টাকা দেওয়া সম্ভব হবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ বছর না হলেও আগামী বছর পুরো ২৫ কোটি টাকা দেওয়ার আশা করছি।’
‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মফস্বল, জেলা ও উপজেলা পর্যায়সহ সকল সাংবাদিকদের সহযোগিতা করা হচ্ছে। যেসব সাংবাদিক আর্থিক সহযোগিতা চান, তাদের আমরা সহযোগিতা করে থাকি’- যোগ করেন ইয়াসের খান।
জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য মো. সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।




