কেটে ও বিষ ছিটিয়ে ৪ কৃষকের ফসল নষ্ট

গ্রাফিকস: আগামীর সময়
পূর্বশত্রুতার জেরে পাবনার ঈশ্বরদীতে চার কৃষকের ৪৪ বিঘা জমির কলাবাগান কেটে ও বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে ধ্বংস করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুধু কলাগাছই নয়, বিষ ছিটিয়ে নষ্ট করা হয়েছে আরও ১৮ বিঘা জমির গাজরক্ষেত। এতে ভুক্তভোগীদের প্রায় ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আব্দুল আওয়াল বাদী হয়ে গত সোমবার ঈশ্বরদী থানায় ২৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে গত রবিবার ভোররাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া ডিগ্রির চরে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কৃষকরা হলেন সদর থানার চরপ্রতাপপুর এলাকার আব্দুল আওয়াল, বাপ্পী হোসেন, রেজা উদ্দীন মালিথা ও বিপুল জোয়ার্দার।
ভুক্তভোগী কৃষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পাবনা সদরের চরপ্রতাপপুর গাফুরিয়াবাদ কাবলিপাড়া এলাকার আবু কালাম, আজাদ, টিক্কা, ইসমাইল, রিপন, আফজাল মালিথাসহ সংশ্লিষ্টদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এরই জেরে গত ২৭ সেপ্টেম্বর রাতের আঁধারে অভিযুক্ত ব্যক্তিরা ঈশ্বরদীর চরকুড়ুলিয়া ডিগ্রির চরে ঢুকে কলাগাছ কেটে ফেলে এবং বাকি গাছগুলোতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে। কীটনাশকের প্রভাবে ৪৪ বিঘা জমির কলাবাগান এবং ১৮ বিঘা জমির গাজরক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানালেন, ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



