শরণখোলা
বনরক্ষীদের দেখে ট্রলার ডুবিয়ে পালাল হরিণ শিকারিরা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
সুন্দরবনে হরিণ শিকার করতে এসে টহলরত বনরক্ষীদের দেখে ট্রলার ডুবিয়ে বনে পালিয়েছে একদল শিকারি। পরে ডুবে যাওয়া ট্রলার এবং হরিণ শিকারের চার বস্তা মালা ফাঁদ উদ্ধার করেছেন বনরক্ষীরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির আওতাধীন সাগরসংলগ্ন নারকেলবাড়িয়া এলাকায়।
তবে বন বিভাগের দাবি, শিকারিরা পালিয়ে যাওয়ার পর পরিত্যক্ত ট্রলারটি সাগরের ঢেউয়ে ডুবে গেছে।
শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানিয়েছেন, সকাল ৬টার দিকে শ্যালার চর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নারকেলবাড়িয়া এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় বনের পাশে ট্রলারটি দেখতে পেয়ে তারা সামনের দিকে অগ্রসর হলে শিকারি দলের ৬-৭ জন ট্রলার ফেলে বনে পালিয়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে সাগরের প্রচণ্ড ঢেউয়ে ট্রলাটি ডুবে সমস্ত মালামাল ভেসে যায়। পরে ডুবন্ত ট্রলার ও চার বস্তা হরিণ শিকারের নাইলনের রশির মালা ফাঁদ উদ্ধার করতে সক্ষম হন বনরক্ষীরা।
সহকারী রেঞ্জ কর্মকর্তা আরো জানান, পলাতক শিকারিদের ধরতে বনে তল্লাশি অভিযান চলছে। হরিণ শিকাররোধে সকল স্টেশন ও ফাঁড়ির দািয়ত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জোরদার টহল পরিচালনারও নির্দেশনা দেওয়া হয়েছে।




