দেশে ফিরতে জামায়াতের দিকে তাকিয়ে আছে শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: ভিডিও থেকে
জামায়াত কীভাবে অশান্তি সৃষ্টি করে, দেশে ফেরার জন্য এখন সেদিকেই তাকিয়ে আছে শেখ হাসিনা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রাশেদ খাঁন বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চায়। আবার জামায়াতও ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়। আমার কাছে মনে হচ্ছে জামায়াত এরই মধ্যে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে আঁতাত করেছে।
জামায়াত আমিরের লং মার্চের ঘোষণা নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এবং জামায়াত মিলে দেশকে অশান্ত করার চক্রান্ত করছে। তার অংশ হিসেবেই তারা একটি লং মার্চ শেষ করার পর আরেকটি লং মার্চ হাতে নিয়েছে।
ঢাকা-চট্টগ্রাম লং মার্চের পর নতুন করে লং মার্চের ঘোষণা দিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে।
রাশেদ খাঁন দেশের সব নাগরিককে সচেতন করে জানান, আপনারা সবাই সচেতন থাকুন। জামায়াতের চরিত্র সম্পর্কে আপনারা জানেন। তারা স্বার্থের জন্য শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে। এই জামায়াত স্বার্থের জন্য ভারতের সঙ্গেও হাত মেলাতে পারে।



