কক্সবাজারের আলোচিত সুকান্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার হাসেম ওরফে মইগ্যা হাসেম
কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে কক্সবাজারের লাবণী সৈকত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার বিকেলে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তি হলেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে হাসেম ওরফে মইগ্যা হাসেম (৪৭)।
র্যাব জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজারের সমিতিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সেলুনকর্মী কিশোর সুকান্ত (১৫)। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঘটনার পর কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার হাসেমের বিরুদ্ধে আগেও মাদক চোরাচালানের অভিযোগ ছিল। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।




