বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের
বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকেরচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভাটহালি গ্রামের আব্দুল বাছেদ (৭০) এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও পাইকড় গ্রামের বাবর আলী (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টা ১০ মিনিটের দিকে ওই দুই ইউপি সদস্য একটি মোটরসাইকেলে করে পাঞ্জুয়াপাড়া গ্রামের শাজাহান কাজীর বাড়ির সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।




