খলিয়াজুড়িতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
নেত্রকোনার খালিয়াজুড়িতে ডোবার পানিতে পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার জানায়, সকালে দুই শিশু খেলাধুলা করতে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যায়। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যালয়ের সামনের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। আর শাহাদত একই গ্রামের সেকুল মিয়ার ছেলে।
খালিয়াজুড়ি থানার ওসি নাসিরউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




