সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুইজন নিহত

দুর্ঘটনায় আহত এক নারীকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: আগামীর সময়
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ জন।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার নলকা এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
যমুনা সেতু পশ্চিম থানার এসআই রঞ্জন দেবনাথ জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে আসা একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হন। আহত হন ৮ জন।
এসআই রঞ্জনের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





