কালভার্ট হলো, কিন্তু ভোগান্তি গেল না

ছবি : আগামীর সময়
গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের ৯টি কালভার্ট নির্মাণের জন্য ২০২৩-২৪ অর্থবছরে রাজারহাটে একটি প্রকল্প অনুমোদন দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
তিন অর্থবছর শেষে সেই প্রকল্পের আটটি কালভার্টের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি রাজারহাট ইউনিয়নের নাটুয়া মহল পরেশের বাড়ি সংলগ্ন। কালভার্টটি নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেটি কোনো কাজে আসছে না স্থানীয়দের।
প্রকল্পের নথির তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাটুয়া মহলের এই কালভার্টি নির্মাণের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে ২৮ লাখ ২৬ হাজার ৫৮২ টাকা বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, সংযোগ সড়ক নির্মাণ না করার আগেই বরাদ্দের ২৬ লাখ ২৯ হাজার টাকা, অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ অর্থ প্রদান করা হয়েছে।
প্রকল্পের ঠিকাদার নূর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান জানান, পানি থাকার কারণে কাজটি শেষ হয়নি। তবে খুব শিগগিরই কাজটি শুরু করা হবে।
অর্থ ছাড়ের বিষয়ে তিনি বলেন, ‘অর্থ ছাড় করা হয়েছে। তবে সম্পূর্ণ অর্থ ছাড় করা হয়নি।’



