ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ৭৭ কোটি ৭ লাখ ৭০ হাজার ৫১৭ টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়। এবারের বাজেটে পৌর নাগরিকদের ওপর নতুন কোনো কর আরোপ করা হয়নি।
বাজেটে রাজস্ব খাত থেকে আয় হিসেবে ৩৬ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৯৪৬ এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা ধরা হয়েছে। এ ছাড়া ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ২৯ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৩৪০ এবং উন্নয়ন খাতে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা। আর উদ্বৃত্ত রাখা হয়েছে ৬ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫৯৮ টাকা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুকসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদিকরা।




