তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

সংগৃহীত ছবি
পারিবারিক কলহের জেরে তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক বাবা। বিষপানে মুমূর্ষু সেই বাবার পাশেই পড়ে ছিল তিন সন্তানের মরদেহ। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আজ শনিবার সকালে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে।
নিহত তিন শিশু হলো, মাওয়া আক্তার (১০), তামিম মিয়া (৭) ও শামীম মিয়া (২)। আর তাদের বাবার নাম রফত আলী (৩৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতের কোনো এক সময়ে ওই ব্যক্তি তার তিন সন্তানকে বিষপান করান। পরে নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ বাবাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিষপানের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।




