বিষপানের পর হাসপাতালে নেওয়ার পথে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। ছবি: আগামীর সময়
পটুয়াখালীতে বিষপান করার পর হাসপাতালে নেওয়ার পথে বাসের ধাক্কায় মো. শাকিল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন।
গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পায়রা পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে।আহতরা হলেন, মো. ইউসুফ ও মোছা. রুমা।
স্থানীয়দের বরাতে সদর থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, শাকিল বিষপান করায় তাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি থেকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হচ্ছিল। পায়রা পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে শাকিলসহ তিনজন আহত হন। পরে গুরুতর আহত শাকিলকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জাকের হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।
ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




