রাজশাহী থেকে লুট হওয়া ১৬ অস্ত্র- ৪৭৯৮ গুলির খোঁজে পুরস্কার ঘোষণা

র্যাব-৫ সদর দপ্তরে সংবাদ সম্মেলন। ছবি: আগামীর সময়
২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহী থেকে লুট হওয়া ১৬টি অস্ত্র ও ৪ হাজার ৭৯৮টি গুলি উদ্ধারে গণবিজ্ঞপ্তি জারি করেছে র্যাব-৫। এসব অস্ত্র-গুলির খোঁজ পেতে ঘোষণা করা হয়েছে পুরস্কারও।
আজ বুধবার দুপুরে র্যাব-৫ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন, ব্যাটেলিয়ান অধিনায়ক মো. ফয়সাল ইসতিয়াক।
র্যাব-৫-এর তথ্য অনুযায়ী, আগস্টের ঘটনায় এই ব্যাটেলিয়ানের আওতাধীন এলাকা থেকে খোয়া যায় ১৬৪ বিভিন্ন ধরনের অস্ত্র ও ৫ হাজার ৩৫২টি গুলি। এর ১৪৮টি অস্ত্র ও ৫৫৪টি গুলি উদ্ধার হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব অস্ত্র-গুলির বিষয়ে খোঁজ দিলে তথ্যদাতা পুরস্কৃত হবেন। কেউ সেগুলো ফেরত দিয়ে গেলে নেওয়া হবে না কোনো আইনি ব্যবস্থা। রাইফেল, এসএমজি ও স্নাইপার উদ্ধার বা ফেরত দিলে ২ লাখ টাকা, শটগান, পিস্তল ও গ্যাসগানের ক্ষেত্রে পুরস্কার ৫০ টাকা।
সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল উদ্ধার করে দিলে ১ হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের প্রতিটি উদ্ধার করে দিতে পারলে ৫০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
চব্বিশের আগস্টে সারা দেশেও বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। র্যাবের তথ্য অনুযায়ী, সারা দেশে খোয়া যাওয়া ৫ হাজার ৯৪২টি অস্ত্রের মধ্যে ১ হাজার ৪২৭টি এখনো উদ্ধার হয়নি। লুটের ৬ লাখ ৮৩ হাজার ৩৫৫টি গোলাবারুদের মধ্যে ২ লাখ ৭৯ হাজার ৪৬৭টির হদিস মেলেনি।




