ফেনীতে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি যন্ত্রাংশ জব্দ বিজিবির

সংগৃহীত ছবি
ফেনীর পরশুরাম সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দ করা হয় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের ডিসপ্লে। সঙ্গে ইঞ্জিনচালিত একটি সিএনজি বা অটোরিকশাও জব্দ করেছে এই বাহিনীর সদস্যরা।
বিজিবি জানায়, অভিযানে জব্দ করা জিনিসপত্রের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা। জব্দ করা মালপত্র পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানিয়েছেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অব্যাহত রয়েছে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা।




