জয়পুরহাটে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে গৃহবধূ হত্যা, দুই যুবকের যাবজ্জীবন

আসামি আবু সাঈদ ও রাব্বী হোসেন। ছবি: আগামীর সময়
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৭) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাসিবুল হক।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জয়পুরহাট জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নূর-ই- আলম সিদ্দিক।
যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার আবু সাঈদ (২৭) ও একই এলাকার রাব্বী হোসেন (২৭)।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসায় গৃহবধূ সাজেদাকে হত্যা করা হয়। পরে তার হাত বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। সাজেদা ওই বাসায় মেয়ে আরিফাকে নিয়ে থাকতেন। তার স্বামী হাফিজুল ইসলাম জেলার বাইরে চাকরি করতেন। সাজেদার মেয়ে যে স্কুলে পড়াশোনা করত, ওই স্কুলে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন আবু সাঈদ। স্কুলে যাওয়া-আসার সুবাদে সাজেদার সঙ্গে সাঈদের বিয়েবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে সাঈদ ও রাব্বী তাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তাকে মুখে স্কচটেপ লাগিয়ে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
নিহতের স্বামী হাফিজুল ঘটনার দুই দিন পর ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিয়াউর রহমান ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন রফিকুল ইসলাম তালুকদার তরুণ ও মামুনুর রশীদ।




