আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩

আফগানিস্তানের কুনার প্রদেশে তালেবানের দাবি করা পাকিস্তানি বিমান হামলায় নিহতদের মরদেহ দাফনের আগে গোসল করানো হচ্ছে। ছবি: রয়টার্স
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
সোমবার আফগান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কুনার প্রদেশের নুরগাল জেলায় স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ হামলা হয়। কুনারের প্রাদেশিক মুখপাত্র ফরিদ দেহকান জানিয়েছেন, হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় আরও দুটি স্থানে হামলা হয়েছে। এতে একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়েছে। সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পরে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, দেশটির বিমানবাহিনী পূর্ব আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীর কথিত আস্তানায় হামলা চালিয়েছে।
তাদের দাবি, এসব হামলায় ২৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
দুদেশের মধ্যে কয়েক মাসের আপেক্ষিক শান্তির পর এই হামলা আবার উত্তেজনা বাড়িয়েছে। ফেব্রুয়ারিতে দুই দেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়েছিল।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। আফগানিস্তানের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের বক্তব্য, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা আফগানিস্তানের কারণে নয়।
সাম্প্রতিক পাকিস্তানে একের পর এক হামলার পর এই বিমান হামলা চালানো হয়েছে। শুক্রবার কোহাটে একটি পুলিশ স্থাপনের ভেতরের মসজিদে হামলা ও পরে বন্দুকযুদ্ধে অন্তত ২১ জন নিহত হন। এর একদিন আগে হাঙ্গুতে একটি বোমা হামলায় ছয় পাকিস্তানি সেনা নিহত হন। এসব হামলার জন্য পাকিস্তান আফগানিস্তানে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে।
শনিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছিল, পাকিস্তানে হামলা চালানো যোদ্ধাদের বিরুদ্ধে আফগানিস্তানের ভেতরেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এর পরই সোমবারের বিমান হামলার ঘটনা ঘটল।
সূত্র : আল জাজিরা




