মাদক সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিএনপি নেতাকে অব্যাহতি
যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় মাদক সংশ্লিষ্টতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ওয়ার্ড বিএনপি সভাপতিকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতা মো. আব্দুস সালাম উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওয়ার্ডটির আওতায় রয়েছে ঘুঘুদাহ ও ফেদাইপুর এলাকা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানিয়েছেন, মাদক সংশ্লিষ্টতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আব্দুস সালামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।




