মিয়ানমারে পাচারকালে ট্রলার থেকে সার জব্দ
ভোলা প্রতিনিধি

মিয়ানমারে পাচারকালে মেঘনা নদীতে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে বলে জানিয়েছে বাহিনীটি।
গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারের কাছে মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
আজ রবিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ১৬০ বস্তা ইউরিয়া সার ও ট্রলারটি জব্দ করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কমান্ডার সাব্বির।






