আমিনবাজারে এসবি পুলিশকে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ১

এসবি পুলিশ আলতাফকে পিটিয়ে হত্যায় সন্দেহভাজন জহিরুল ইসলাম সাভার থানায়। ছবি: আগামীর সময়
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাইভেটকার চালক জহিরুলকে ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকালে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানালেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।
জহিরুলের (৩০) বাড়ি সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশি এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, গতকাল শনিবার রাতে বড়দেশী এলাকায় এক রিকশাচালককে মারধর করছিলেন একটি প্রাইভেটকারে থাকা লোকজন। ঘটনাস্থলের কাছেই বাড়ি পুলিশের এসআই আলতাফ হোসেনের। তিনি মারধরে বাধা দিতে গেলে তর্কাতর্কি হয়।
এক পর্যায়ে আলতাফ ও তার সঙ্গে থাকা ছেলে আরিফুল ইসলামের ওপর হামলা করেন প্রাইভেটকারে থাকা আরোহীরা। তাদের দুজনকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করে।
নিহত আলতাফের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামে। পরিবার নিয়ে থাকতেন সাভারের আমিন বাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায়। তিনি এসবি ঢাকার মালিবাগ জোনের এসআই ছিলেন।
ওসি সাইফুল আলম বললেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।






