সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ যুবক আটক

আটক যুবকরা
রাঙামাটির সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাজেক এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন।
ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধানে আটক যুবকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে। তাদের মধ্যে হবিগঞ্জের তিনজন, ব্রাহ্মণবাড়িয়ার দুজন এবং পটুয়াখালীর একজন রয়েছেন।
তিনি বললেন, ‘আটক যুবকরা সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় একটি জিপ গাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আসছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।’
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকরা স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।



