রকিবুল ইসলাম বকুল
আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও কর্মমুখী শিক্ষা দিতে হবে

মেধাবী শিক্ষার্থীর মধ্যে সাইকেল বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। ছবি: সংগৃহীত
আগামী প্রজন্মকে আধুনিক, বিজ্ঞানমনস্ক ও কর্মমুখী শিক্ষা দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি আরও বলেন, গতানুগতিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ও উৎপাদনমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। কেননা বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই।
রবিবার সকালে নগরীর প্লাটিনাম জুবিলি জুট মিলের অফিসার্স ক্লাবে খুলনা-৩ সংসদীয় এলাকার ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হুইপ বকুল আরও বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ শুধু একটি উপহার নয়। শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ এগিয়ে নিতে ভালোবাসা ও সহযোগিতার প্রতীক হিসেবে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে।’
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
নগরীর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে হুইপ বলেন, অতীতেও খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। তখন বিএনপি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। এবারও সমন্বিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব হবে।
খুলনাকে আবার শিল্পনগরীর আগের অবস্থানে ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘদিনের ভুলনীতি, লুটপাট ও দলীয়করণের কারণে খুলনার শিল্পকারখানা বন্ধ হয়েছে, কর্মসংস্থান কমেছে এবং এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাধাগ্রস্ত হয়েছে। শুধু শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়নি, এর সঙ্গে হাজারো মানুষের জীবিকা ও ভবিষ্যতের সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।’ পিছিয়ে পড়া খুলনাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান হুইপ বকুল। তিনি বলেন, বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। নতুন করে যাতে ডেঙ্গুতে কোনো মানুষের মৃত্যু না হয়, সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে খুলনা-৩ সংসদীয় এলাকার ২০ জন ছাত্র ও ১০ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেন হুইপ রকিবুল ইসলাম বকুল। এ সময় আরও ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনসহ সাইকেল পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা।




