‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষ-লুটপাটে মানুষের নাভিশ্বাস’

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ধরনের ঘুষখোরি ও লুটপাট করে, যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।’
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা মিলনায়তনে বিএনপি আয়োজিত দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলে স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের কোষাগার লুট করেছে। বিদেশি সাহায্যসহ রাষ্ট্রের বিভিন্ন অর্থ তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেও অর্থ চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়েছে।
রিজার্ভ চুরির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, এ ঘটনায় ফিলিপাইনে জড়িত ব্যক্তিদের বিচার হয়েছে এবং তারা কারাগারে রয়েছেন। অথচ বাংলাদেশে এ ঘটনায় জড়িত কারও বিচার হয়নি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিচার হয়। কিন্তু বাংলাদেশে মানুষ বছরের পর বছর কান্নাকাটি ও দাবি জানালেও অনেক অপরাধের বিচার হচ্ছে না।
আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও প্রধানমন্ত্রী লুটপাটের মাধ্যমে দেশের সর্বনাশ করেছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, লন্ডনে তার ৩৬০টি বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া দুবাই ও আমেরিকায়ও তার বাড়ি রয়েছে। এসব সম্পদ বাংলাদেশের জনগণের অর্থ লুট করে বিদেশে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রশাসনে আওয়ামী লীগ আমলের বেশ কিছু লোক এখনো রয়েছেন বলেও অভিযোগ করেন স্পিকার। তার দাবি, এ কারণে দেশের লুটপাট ও দুর্নীতির প্রকৃত চিত্র এখনো জনগণের সামনে পুরোপুরি প্রকাশ পাচ্ছে না।
ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সীমান্তে প্রতিদিন বাংলাদেশি নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গেও ভারতের সীমান্ত রয়েছে, কিন্তু সেখানে তো প্রতিদিন গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনা দেখা যায় না। অথচ প্রতিদিন পত্রিকা ও টেলিভিশন খুললেই বাংলাদেশের নিরীহ মানুষ হত্যার খবর পাওয়া যাচ্ছে।’
এ পরিস্থিতির জন্য আওয়ামী লীগের নেতা-কর্মী, মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দায়ী করে স্পিকার বলেন, ‘বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের ভাগ্য বদল ও চুরি-চামারি করার জন্য তারা সবাই মিলে দেশকে ভারতের হাতে তুলে দিয়েছে।’
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতারা।
এর আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন স্পিকার। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।




