উজিরপুর
খাল পরিষ্কারে ইউএনও নিজেই নামলেন পানিতে

পানিতে নেমে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা
বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন ময়লা-আবর্জনায় ভরাট ও দুর্গন্ধ ছড়ানো খাল পরিষ্কারে নিজেই পানিতে নেমে কাজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এবং বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান চলে।
তার সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী, স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, সহসমন্বয়ক আরিফ হোসেন, সমন্বয়ক আনজুম খান ও আখি ইসলামসহ অন্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এ খালটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে নোংরা করে রাখা হয়েছে। এতে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। খালের পাশ দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি মশার বিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেছেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাই। শুধু একটি খাল নয়, সবার বাড়ির আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার রাখতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে চাই।




