মৌলভীবাজার
সীমান্তে আলো নিভিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
মৌলভীবাজার প্রতিনিধি

আলো নিভিয়ে জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা। ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল শুক্রবার গভীর রাতে ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তবর্তী এলাকার আলো নিভিয়ে এ চেষ্টা চালানো হয়। তবে ৫২ বিজিবির (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) সতর্ক অবস্থান ও তৎপরতায় তা প্রতিহত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলসংলগ্ন সীমান্ত দিয়ে প্রায় ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। শীতের ঘন কুয়াশা ও রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে এ অপচেষ্টা চালানো হয়। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি থাকায় বিএসএফের এ চেষ্টা সফল হয়নি।
৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানিয়েছেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। এ জন্য ড্রোন, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ দিন-রাত সীমান্তে টহল জোরদার করা হয়েছে।




