শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেনে পড়ে চা শ্রমিকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলার ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারী শ্রমিকের নাম মীরা হাজরা (৩৮)। তিনি ভাড়াউড়া চা বাগানের স্থায়ী চা শ্রমিক ছিলেন। তিনি একই বাগানের শ্রমিক দিপু হাজরার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
নিহতের পরিবারের সদস্যদের বরাতে তিনি জানালেন, প্রতিদিনের মতো সোমবার সকালে চা পাতা তুলতে বাগানের সেকশনে যান মীরা। বিকালে কাজ শেষে মাথায় চা পাতার বোঝা নিয়ে ওজন দেওয়ার জন্য ফেরার পথে ২৯ নম্বর সেকশনের পাশের একটি ড্রেনে পড়ে যান তিনি। পরে সন্ধ্যা পর্যন্ত মীরা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে ওই এলাকার ড্রেনে তাকে পড়ে থাকতে দেখা যায়।
ওসি জানালেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







