হুইপ দুলু
সংকট যতই আসুক, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না

নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: আগামীর সময়
জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, `যতই সংকট আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।'
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন।
নাটোর-২ আসনের সংসদ সদস্য দুলু জানালেন, আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। বিএনপি নিশ্চিহ্ন হয়নি, আরও সংগঠিত হয়েছে।
হুইপ দুলু বলেছেন, ‘১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ ক্ষমতা গ্রহণের দিন আমি জেলখানায় চলে যাই। ওই সময় এরশাদ বাংলাদেশের এমপি-মন্ত্রীদের জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে ছাত্রসমাজের দাবির প্রেক্ষিতে খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে রাস্তায় নেমেছিলেন।’
‘২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় এবং তারেক রহমানকে একের পর এক মামলায় জড়িয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়। তখন তারা ভেবেছিল, বিএনপি হয়তো এবার শেষ হয়ে যাবে’, যোগ করলেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ বিএনপির নেতারা।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ করা হয়।








