বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন তারেক রহমান

জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করেছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বৃক্ষরোপণ এবং ক্রিসেন্ট লেকে মৎস্য অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরপরই দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী জিয়া উদ্যোনে প্রথমে বৃক্ষরোপ করেন এবং পরে ক্রিসেন্ট লেকে মৎস্য অবমুক্ত করেন।
এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ নেতারা ছিলেন।
এর আগে এদিন ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মধ্যে আছে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ এবং আলোচনা সভা।
বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালেল ১ সেপ্টেম্বর বিএনপি গঠিত হয়, যার প্রথম চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমান।








