বিরোধের জেরে মাদক কারবারি খুন, অভিযুক্ত আরেক কারবারি

গ্রাফিকস: আগামীর সময়
হবিগঞ্জের মাধবপুরে ধারালো অস্ত্রের আঘাতে এক মাদক কারবারিকে হত্যার অভিযোগ উঠেছে আরেক কারবারির বিরুদ্ধে। নিহত ও অভিযুক্ত দুজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাতে মাধবপুর উপজেলার রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রফিক মিয়া (৩৮)। তিনি উপজেলার রাজনগর গ্রামের ছাদু মিয়ার ছেলে। অভিযুক্ত উজ্জ্বল মিয়া একই গ্রামের বাসিন্দা। গুরুতর আহত রফিককে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে পূর্ববিরোধের জেরে উজ্জ্বল মিয়াসহ কয়েকজনের সঙ্গে রফিকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পাশের আওয়াল মিয়ার বাড়ির উঠানে রফিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকার প্রাইম হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরদিন সকালে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা রফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রফিক ও অভিযুক্ত উজ্জ্বল দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে। তবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্ত উজ্জ্বলসহ জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।




