নাফ নদীতে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গা

ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গা— সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে সাবরাং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে খবর পায়। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দিবাগত রাত দেড়টার দিকে নাফ নদীতে আধুনিক ফ্যান্টম নৌযানসহ একটি বিশেষ অভিযানিক দল মোতায়েন করে। রাত ৩টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিকে ধাওয়া করেন। এ সময় নৌকায় থাকা চোরাকারবারীরা গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা দুইজনকে আটক করে। অপর একজন রাতের অন্ধকারে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে চোরাকারবারীদের ব্যবহৃত নৌকাটি বিজিবির ফ্যান্টম বোটের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই অর্ধনিমজ্জিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেছেন, ‘আটক দুই রোহিঙ্গাকে উদ্ধার করা ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’





