ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১০ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কের বড় বড় গর্ত, বিকল পণ্যবাহী যানবাহন এবং দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১০ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। বুধবার দুপুর থেকে শুরু হওয়া এ যানজট সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষ।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, দুপুরের ভারী বৃষ্টির পর দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া ও শাহবাজপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি।
সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরে চারটি দিকের মধ্যে ঢাকা থেকে সিলেটমুখী মাত্র একটি লেন দিয়ে যান চলাচল করছে। অন্যদিকে সিলেট থেকে ঢাকাগামী ও কুমিল্লাগামী একটি লেন চালু রেখে সড়ক উন্নয়নকাজ চলায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টির পানিতে সড়কের গর্তগুলো ডুবে যাওয়ায় কিছুক্ষণ পরপর ভারী যানবাহন আটকে পড়ছে। এতে যানজট আরও তীব্র হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে।
সরাইল-খাঁটিহাতা মহাসড়ক থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, বিশ্বরোড মোড়ে সড়ক মেরামতের কাজ চলমান। এ ছাড়া কয়েকটি স্থানে বড় গর্ত থাকায় পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাচ্ছে। এ কারণেই সৃষ্টি হয়েছে যানজটের।
তিনি জানান, যানজট নিরসনে মহাসড়ক পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।




