বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

গ্রাফিকস: আগামীর সময়
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
আজ শনিবার কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে ১২ জন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একজনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ১২ নেতা হলেন সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহআইন সম্পাদক মো. রাকিব; সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।
অন্যদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।




