সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক

সংগৃহীত ছবি
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরে ২০১৫ সালে তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। এরপর ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজউদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করেন।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, বিজিবি আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে এজাহার দেওয়া হচ্ছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




