অনিয়ম পেলেই সারের ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর

সংগৃহীত ছবি
সার বিতরণে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এক্ষেত্রে ডিলারের রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না বলেও জানিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বললেন, ‘সার বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দ্রুত কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তিনি বললেন, ‘সাধারণ মানুষ যাতে সরকারি ব্যবস্থাপনায় এ সেবা পেতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী জুনের মধ্যে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর কার্যক্রম চলছে।’
যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।



