মুন্সিগঞ্জে ফের বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১

বৃহস্পতিবার ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে। এতে সেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয়রা জানালেন, আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত সপ্তাহেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘাতে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ চরডুমুরিয়া ও সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।
সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় অভিযুক্ত দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন আগামীর সময়কে বললেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।



