উখিয়ায় ১১৮ রোহিঙ্গার অনুপ্রবেশ, এসেছেন ভারত থেকেও

ফাইল ছবি
মিয়ানমারের রাখাইন রাজ্য ও ভারতের বিভিন্ন এলাকা থেকে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঢুকছেন নতুন রোহিঙ্গারা। স্থলসীমান্তের পাশাপাশি নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়েও অনেকে বাংলাদেশে আসছেন। তাদের অনেকেই দালালদের সহায়তায় আশ্রয়শিবিরে পৌঁছাচ্ছেন। সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে নতুন করে অন্তত ১১৮ জন রোহিঙ্গার অবস্থান শনাক্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন আসা রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমারের বুচিডং টাউনশিপ থেকে আসা ব্যক্তিদের পাশাপাশি ভারতের জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন অবস্থান করা রোহিঙ্গারাও আছেন।
শিবিরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নতুন আসা রোহিঙ্গাদের বড় একটি অংশ স্থানীয় দালালদের সহায়তায় সীমান্ত পেরিয়ে উখিয়ায় পৌঁছেছেন। ভারত থেকে আসা অনেকের কাছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নিবন্ধন কার্ডও রয়েছে। সীমান্তে নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে তারা বাংলাদেশে ঢুকে সরাসরি আশ্রয়শিবিরে পৌঁছাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ১১ নভেম্বর রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং টাউনশিপ থেকে একটি পরিবারের ছয় সদস্য নাইক্ষ্যংছড়ির বরইতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আশ্রয় নেন। পরিবারের সদস্যরা হলেন আমির হোসেন (৪৮), নুর হোসেন (১৭), ইমাম হোসেন (১৪), জাহিদ হোসেন (১২), দীনি ইসলাম (৮) ও নুর আয়েশা (৪)।
পরিবারটির সদস্যদের দাবি, আরাকান আর্মি রোহিঙ্গাদের নিজেদের দলে অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিচ্ছে। প্রাণভয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে গত শনিবার সকালে ভারত থেকে সাত সদস্যের একটি পরিবার সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে দালালদের সহায়তায় তাদের উখিয়ার কুতুপালং ওয়ান ইস্ট আশ্রয়শিবিরের সি-৫ ব্লকে এক স্থানীয় বাংলাদেশির বাড়িতে রাখা হয়। পরিবারটির সদস্যরা হলেন শাহ আলম (৪০), জামালিদা (৩৯) এবং তাদের পাঁচ সন্তান মো. রমিজ (১৭), ইয়াসিন আরফাত (১৪), মো. এরশাদ (১১), নূর ফাতেমা (৮) ও মো. রেদোয়ান (৪)।
কুতুপালং ওয়ান ইস্ট ও ওয়ান ওয়েস্ট আশ্রয়শিবিরের শিবির ইনচার্জ (সিআইসি) উপসচিব মিনহাজুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওয়ান ইস্ট আশ্রয়শিবিরে নতুন করে ৫০ জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ৪৫ জনই ভারত সীমান্ত দিয়ে এসেছেন।
তিনি আরও জানালেন, নতুন আসা এসব রোহিঙ্গার বড় একটি অংশ দীর্ঘদিন ভারতের জম্মু-কাশ্মীরে অবস্থান করছিলেন। সেখানকার প্রশাসন তাদের বসতবাড়ি উচ্ছেদ করার পর তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে দালালদের মাধ্যমে উখিয়ায় এসে আশ্রয়শিবিরে অবস্থান নেন। তাদের অনেকের কাছে ইউএনএইচসিআরের নিবন্ধন কার্ড আছে।
এ ছাড়া গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর টানা তিন দিনে মিয়ানমার থেকে অন্তত ৫৫ জন রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে কুতুপালং ওয়ান ইস্ট আশ্রয়শিবিরের বিভিন্ন শেডে অবস্থান নেন। তারা সবাই বুচিডং টাউনশিপের বাসিন্দা বলে জানা গেছে।
উখিয়ার পাশাপাশি টেকনাফ সীমান্ত দিয়েও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত ৯ নভেম্বর ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, প্রায় ৫০ থেকে ৬০ জন রোহিঙ্গা দালালদের সহায়তায় মাছ ধরার নৌকায় করে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের মধ্যে ৩৮ জনকে আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী, ৮ জন পুরুষ ও ১৬টি শিশু আছে। বাকিরা স্থানীয় দালালদের সহায়তায় বিভিন্ন লোকালয়ে ছড়িয়ে পড়েন।
টেকনাফ-২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সাগরপথে অনুপ্রবেশের সময় আটক ৩৮ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে আছে।
কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ এম নজরুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমারের সঙ্গে স্থলসীমান্ত, ভারতের সীমান্ত এবং নাফ নদী ও বঙ্গোপসাগরের জলপথ ব্যবহার করে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশের প্রবণতা দেখা যাচ্ছে। এসব পথে দালালচক্র সক্রিয় রয়েছে। সীমান্ত পেরিয়ে আসার পর তাদের কেউ সরাসরি আশ্রয়শিবিরে যাচ্ছেন, আবার কেউ স্থানীয় বাংলাদেশিদের বাড়িতে গোপনে অবস্থান নিচ্ছেন।
তার ভাষ্য, নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ফলে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে জনসংখ্যার চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। কঠোর নজরদারির মধ্যেও কীভাবে দালালদের সহায়তায় নারী ও শিশুসহ রোহিঙ্গারা একাধিক সীমান্ত ও জলপথ পেরিয়ে উখিয়ার আশ্রয়শিবিরে পৌঁছাচ্ছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।





