স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বড় চাপ তৈরি হয়েছে

সংগৃহীত ছবি
মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গার সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন ধরে বিপুল এ জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি হয়েছে।
আজ বুধবার সচিবালয়ে নিজের দপ্তরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ’ (এপিপিজি) অন রোহিঙ্গা প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকগুলোয় মিয়ানমারের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বৈঠকে বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য সরকারের প্রশংসা করেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি। রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।’
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।



