প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি : ফজলুল হক মিলন

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে ফজলুল হক মিলনের উপস্থিতিতে স্থানীয় জলাশয়ে অবমুক্ত করা হয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা। পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির চারাগাছ।
এ সময় বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।
সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও জলাশয় সংরক্ষণের আহ্বান জানান তিনি। বলেন, এভাবেই গড়ে তোলা সম্ভব সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে অংশ নেন কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক দলীয় সমর্থক।






