বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

সিফাত আব্দুল্লাহ—সংগৃহীত ছবি
ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘গালাগাল’ করার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে। আইনগত প্রক্রিয়া শেষে আজ শুক্রবার তাকে আদালতে পাঠায় পুলিশ।
গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, সিফাতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সিফাতকে প্রধানমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর ভাষায় বক্তব্য দিতে দেখা যায়। ওই ভিডিওতে তিনি তার বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ‘সিফাতের বক্তব্যের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি তার কথাবার্তা ও বিভিন্ন তথ্য যাচাই করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।’
তিনি আরও বলেছেন, তদন্তে বিভিন্ন সময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিল আয়োজন ও সংগঠিত করার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





