ফটিকছড়িতে আমন ধান কাটার ধুম

ফটিকছড়িতে মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সোনালি আভা। ছবি: আগামীর সময়
চট্টগ্রামের ফটিকছড়িতে মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সোনালি আভা। কোথাও কাস্তে হাতে ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও শুকানোর কাজ। ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা।
লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন আবাদ হওয়ায় এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে উদ্বেগে আছেন কৃষকেরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। কেউ ধান কাটছেন, কেউ মাড়াই করছেন, আবার কেউ শুকানোর কাজে ব্যস্ত। আগে গরু দিয়ে ধান মাড়াইয়ের প্রচলন থাকলেও এখন সেই দৃশ্য অনেকটাই কমে গেছে। আধুনিক যন্ত্রের সাহায্যে দ্রুত ধান কাটা ও মাড়াই করছেন কৃষকেরা। এতে কম সময়ে ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফটিকছড়িতে ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবাদ হয়েছে ২৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৬০ হেক্টর বেশি জমিতে আমন আবাদ হয়েছে। এবার উপজেলায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক এ ধান চাষ করেছেন।
দৌলতপুর এলাকার কৃষক মো. শফি জানিয়েছেন, ‘এবার প্রায় দুই একর জমিতে আমন ধান চাষ করেছেন। ধান কাটার পরপরই এসব ফসল ঘরে তোলায় ব্যস্থ হয়ে পড়েছি। আশা করছি এবার বেশ লাভবান হবো।’
তবে বাড়তি আবাদ ও ভালো ফলনের সম্ভাবনা থাকলেও কৃষকদের বড় চিন্তা উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে। তাদের ভাষ্য, সার, বীজ, কীটনাশক, জমি প্রস্তুত ও শ্রমিকের মজুরি বাবদ খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। উৎপাদন ভালো হলেও বাজারে ধানের ন্যায্য দাম না পেলে কাঙ্ক্ষিত লাভ করা সম্ভব হবে না।
রোসাংগিরি গ্রামের কৃষক মো. নোয়া মিয়া বলেছেন, ‘ধানের যথাযথ দাম পাওয়া নিয়ে উদ্বিগ্ন তিনি। কারণ যেভাবে সবকিছুর দাম বেড়েছে সেভাবে ধানের দাম না পেলে সবি হারাবেন। লাভের পাল্লাতো দূরের কথা, বিনিয়োগটাই মাঠি হবে।’
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের ফসল উৎপাদনসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে আমন ধানের উৎপাদন ছিল ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪৫০ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৯৮০ মেট্রিক টনে। এক বছরের ব্যবধানে উৎপাদন বেড়েছে ৮ লাখ ৪৪ হাজার ৫৩০ মেট্রিক টন।
এদিকে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারা দেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক জানিয়েছেন, এবার উপজেলায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধানের আবাদ করেছেন। তাদের নিয়মিত কৃষি পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। কয়েক দিনের মধ্যে অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে বলে আশা করছেন। পাশাপাশি এবার আমনের বাম্পার ফলনেরও প্রত্যাশা করছেন।




