গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের আরেক সদস্য গ্রেপ্তার

রঞ্জন মন্ডল। সংগৃহীত ছবি
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য ও মানব পাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডলকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি।
গতকাল সোমবার রাতে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে এসআরবি-৬।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রঞ্জন আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা বিশু মন্ডলের (৪০) সহযোগী। অভিযোগ রয়েছে ইতালি পাঠানোর কথা বলে সবুজ মুন্সীর কাছ থেকে পাসপোর্ট ও ১০ লাখ টাকা নেওয়ার পর তাকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে তাকে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে মোট ৪৬ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজিবের অভিযোগের ভিত্তিতে মুকসুদপুর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়।
গ্রেপ্তার রঞ্জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
গত ২৬ সেপ্টেম্বর ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশুকে মুকসুদপর উপজেলার বাঘাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।




