মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্রেপ্তার

আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশু মন্ডল। সংগৃহীত ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশু মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-৬-এর সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ইতালিতে লোক পাঠানোর কথা স্থানীয়ভাবে প্রচার করতেন বিশু। অভিযোগ অনুযায়ী, ইতালি পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্টসহ প্রথমে ২ লাখ টাকা এবং পরে আরও ১২ লাখ টাকা নেন তিনি।
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিশর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশুর সহযোগীদের মাধ্যমে তাকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাকে শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে সেই ভিডিও পাঠিয়ে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের কাছ থেকে ওই টাকা আদায়ের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলেও পরে আবারও তাকে মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর পুনরায় নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও ২৫ লাখ টাকা আদায় করা হয়।
এ ঘটনায় গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন ওই ব্যক্তি। ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশুসহ ও অন্যদের বিরুদ্ধে মামলা করা হয়।
এসআরবি-৬ জানায়, গ্রেপ্তার বিশু মন্ডলের বিরুদ্ধে এর আগেও মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর বিশুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




